ছয় মাসেও মেলেনি নাবালিকার খোঁজ, পোস্টার দিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ
আমার কথা, ২০ জুলাই
সার্থক কুমার দে, অন্ডাল:
প্রায় ছয় মাস কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি অন্ডাল থানার উখড়া পুলিশ ফাঁড়ি এলাকার ১৩ বছরের নাবালিকা চাঁদনি ভূঁইয়ার। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে পরিবার ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উখড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন নীলকণ্ঠতলা এলাকার বাসিন্দা চাঁদনি ভূঁইয়া তার মা হীনা ভূঁইয়া ও সৎ বাবা কার্তিক ভূঁইয়ার সঙ্গে থাকত। গত ১ ফেব্রুয়ারি বাবা-মা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলে চাঁদনি বাড়িতে একাই ছিল। সন্ধ্যায় মা বাড়ি ফিরে এসে দেখেন, বাড়িতে নেই চাঁদনি। আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় ২-রা ফেব্রুয়ারি উখড়া পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যরা।
অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ কিশোরীর খোঁজে তল্লাশি শুরু করে। বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালানো হলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় চাঁদনির ছবি-সহ নিখোঁজের পোস্টার টাঙানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, কিশোরীর সন্ধানে তল্লাশি এখনও অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি চাঁদনি ভূঁইয়ার সম্পর্কে তথ্য জানলে নিকটবর্তী থানায় বা পুলিশের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।



