মর্মান্তিক মৃত্যু! ষাড়ের হামলায় প্রাণ হারালেন অশীতিপর এক বৃদ্ধ
আমার কথা, ২২ জুলাই
সনাতন গরাই, কাঁকসা:
ষাঁড়ের হামলায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। প্রকাশ্য রাস্তায় আচমকাই ষাঁড়ের আক্রমণে গুরুতর জখম হন ৮০ বছরের নিমাই ঘোষ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কাঁকসার বাঁশকোপা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধ নিমাই ঘোষ কাঁকসার বাঁশকোপা গ্রামের বাসিন্দা। বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সেই সময় হঠাৎই একটি ষাঁড় তাঁকে লক্ষ্য করে তেড়ে আসে এবং সজোরে গুঁতো মারে। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় শোকের আবহ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ষাঁড় ঘোরাফেরা করছে। এই ঘটনার পর থেকে আতঙ্কিত ওটা এলাকার মানুষ।



