BREAKING! ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার বহুলার উপপ্রধান বীর বাহাদুর সিং
আমার কথা, ৬ আগস্ট
সার্থক দে, পান্ডবেশ্বর:
বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই আত্মগোপনে ছিলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা বহুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং। অবশেষে বৃহস্পতিবার পার্শ্ববর্তী রাজ্যের মধুপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় সন্ত্রাস, মারধর এবং বাড়িঘর ভাঙচুর-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বীরবাহাদুর সিং তৃণমূল কংগ্রেসের পরাজয়ের জন্য দলের প্রাক্তন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর তীব্র সমালোচনা করেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াননি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে বীরবাহাদুর সিংয়ের ওই মন্তব্য ঘিরে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়। তৃণমূলের একাংশের কর্মীদের দাবি, দলের পরাজয়ের পর রাজনৈতিক অবস্থান বদলের লক্ষ্যেই তিনি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন এবং বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন।
বীরবাহাদুর সিংয়ের গ্রেপ্তার এবং তাঁর সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য ঘিরে পাণ্ডবেশ্বরের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। তবে এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রে জানা গেছে বীরবাহাদুরকে নিয়ে পুলিশের একটি দল অন্ডালের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। সম্ভবত শুক্রবার তাকে কোর্টে তোলা হতে পারে বলে খবর।



