অন্ডালে পর পর ছটি আবাসনে চুরির কিনারা করল পুলিশ গ্রেপ্তার ২, উদ্ধার নগদ টাকা
আমার কথা, ১২ আগস্ট
সার্থক কুমার দে, অন্ডাল:
অন্ডালের নব কাজোরা গোলাই মোড় এলাকায় পরপর ছয়টি খনি আবাসনে চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করল অন্ডাল থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ৯ তারিখ রবিবার আবাসনের বাসিন্দারা বাড়িতে তালা দিয়ে অন্যত্র যাওয়ার সুযোগে পাশাপাশি ছয়টি আবাসনে চুরি হয় ।
ঘটনার পর আবাসন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ । ফুটেজে দু’জন সন্দেহভাজনকে দেখা যায় । তাঁদের মধ্যে একজনের হাতে ধারালো অস্ত্র ছিল বলে পুলিশ সূত্রে জানা যায় । তদন্তে নেমে মঙ্গলবার বহুলার রাজাকাটা এলাকা থেকে লখিন্দর তুরি ও শেখ আলমগীর নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া চারটি মোবাইল ফোন, নগদ টাকা এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের । বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে । সেই কারণে আদালতে তাঁদের ১০ দিনের হেফাজতের আবেদন জানানো হবে বলে অন্ডাল থানার এক পুলিশ আধিকারিক জানান ।



