BREAKING! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক পুত্র প্রেমপাল সিং
আমার কথা, ১৩ আগস্ট
সার্থক কুমার দে, অন্ডাল:
অবৈধ বালি পাচারের অভিযোগে বৃহস্পতিবার অন্ডাল এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার হলেন জামুড়িয়ার প্রাক্তন যুব তৃণমূল নেতা তথা প্রাপ্তন বিধায়ক হরেরাম সিং এর ছেলে প্রেমপাল সিং। পুলিশ সূত্রে খবর, বালি পাচার সংক্রান্ত একটি মামলায় দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চলছিল।
উল্লেখ্য, প্রেমপাল সিং জামুরিয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে। বাবা বিধায়ক হওয়ার পর রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি । এক সময় জামুড়িয়া ব্লকের যুব তৃণমূলের দায়িত্বও সামলেছেন। তবে পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে একাধিক বিতর্ক ও অভিযোগ সামনে আসে। অভিযোগ ছিল, হুটার লাগানো গাড়ি ও কনভয় নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতেন তিনি। তাঁর এই আচরণ নিয়ে বিভিন্ন সময়ে অস্বস্তিতে পড়তে হয়েছে বিধায়ক বাবাকেও। গত বিধানসভা নির্বাচনের প্রচারে অন্ডালের খান্দরা মাঠে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে হরেরাম সিংকে তাঁর ছেলে প্রেমপালের আচরণ নিয়ে সতর্ক করেছিলেন বলেও জানা যায়।
সূত্রের খবর, বালি পাচার-সহ একাধিক পুরনো মামলা রয়েছে প্রেমপাল সিংয়ের বিরুদ্ধে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি এলাকা ছাড়া ছিলেন বলে দাবি তদন্তকারীদের। তাঁর গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। অবশেষে বৃহস্পতিবার অন্ডাল এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জামুরিয়া থানার পুলিশ।



