বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
আমার কথা, ২৪ অক্টোবর
দুর্গাপুর, মুনমুন দত্ত:
বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও পতাকা লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের নিউটনে। তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন কোর কমিটির সদস্য বান্টি সিংয়ের গোষ্ঠীর সঙ্গে বিজেপি কর্মীদের বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। দুই পক্ষের হাতাহাতি, মারধর ও ডিম ছোড়ার ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এমনকী, এক যুবককে ড্রেনে ফেলে মারধর করার অভিযোগও উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। সেখানে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
বিজেপির অভিযোগ, বিজয়ার শুভেচ্ছা জানিয়ে লাগানো তাদের পতাকা খুলে ফেলে দেন বান্টি সিং ও তাঁর অনুগামীরা। এরই প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। যদিও এই অভিযোগের বিষয়ে অন্য পক্ষের বক্তব্য জানা যায়নি।
দুর্গাপুরের বিজেপির ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদকের অভিযোগ, বিজয়া সম্মিলনী উপলক্ষে তাঁরা পতাকা ও ব্যানার লাগিয়েছিলেন। সকালে খবর পান, বান্টি সিং সেই পতাকা খুলে ফেলেছেন। এরপরই তাঁরা প্রতিবাদ জানান।
বিজেপি নেতার আরও দাবি, ৪ তারিখের পর বান্টি সিং বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। তবে তাঁকে দলে কোনও জায়গা দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
বিজয়ার শুভেচ্ছা জানানোর ব্যানার ঘিরে শুরু হওয়া এই সংঘর্ষে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে দুর্গাপুরে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।



