জামবাদ কান্ডের পুনরাবৃত্তির হাত থেকে দুটি পরিবার বাঁচলেও হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল পান্ডবেশ্বরে ২টি পরিত্যক্ত আবাসন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭জুলাইঃ
পাণ্ডবেশ্বরের পন্থনগর এলাকায় ইসিএলের দুটি পরিত্যক্ত আবাসন ভেঙ্গে পড়ল মঙ্গলবার বিকালে। অল্পের জন্য প্রাণে বাঁচলো দুটি পরিবারের বেশ কয়েকজন।
স্থানীয়রা জানান, আজ বিকাল ৪টে ৩০ নাগাদ হটাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইসিএলের একটি আবাসনের একাংশ। আবাসনের উপর তলায় ও নিচের তলায় দুটি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে এই আবাসনগুলো বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ইসিএল থেকেও নোটিস করা হয় যে পরিত্যক্ত এই আবাসন বিপজ্জনক হয়ে রয়েছে। সেই আবাসনগুলিতে যারা বসবাস করছেন তারা সেগুলো ছেড়ে যেন অন্যত্র চলে যান ,কিন্তু এলাকার বাসিন্দারা জানান এই ভাবে হঠাৎ চলে যেতে বললে তারা কোথায় যাবেন? পুনর্বাসন না পাওয়ায় বাধ্য হয়েই বাসিন্দারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন আবাসন গুলিতে। ইসিএলকে তাদের বসবাসের জন্য সঠিক পুনর্বাসন দিতে হবে।
প্রসঙ্গত আবাসনগুলির বাসিন্দাদের অধিকাংশই জাবরদখলধারী এমনটাই ইসিএল সূত্রের খবর ।
যদিও অন্ডালের জামবাদের মত আজও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু বরাত জোরে বেঁচে যায় ওই পরিবার দুটি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও ইসিএলের আধিকারিকরা। ওই আবাসনের চারিপাশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। আপাতত আবাসনগুলিতে বসবাসকারীদের অন্যত্র সরে যেতে বলা হয় ইসিএল কর্তৃপক্ষের তরফে।




