শারীরিক সম্পর্ক করে ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার নাবালক সহ ২
আমার কথা, অন্ডাল, ১৬ জুলাই:
সমাজ মাধ্যমে নাবালিকার সাথে বন্ধুত্ব পাতিয়ে শারীরিক সম্পর্ক, পরে ভিডিও করে ব্ল্যাকমেল করার অভিযোগে নাবালক সহ গ্রেপ্তার ২। অন্ডাল থানা এলাকার ঘটনা।
অন্ডাল থানার রামপ্রসাদপুর এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণীর এক নাবালিকার সাথে সমাজ মাধ্যমে বন্ধুত্ব হয় স্থানীয় ১২ নম্বর রেল কলোনির এক কিশোরের। ওই এলাকাতেই থাকেন নাবালিকার এক আত্মীয়। ফলে সেখানে নিয়মিত যাতায়াত ছিল নাবালিকার। এই সুযোগে প্রলোভন দেখিয়ে নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ওই কিশোর। ওই কিশোরের এক বন্ধু সেই ঘটনার ভিডিও রেকর্ডিং করে। এরপর সেই বন্ধুও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকাকে বাধ্য করে তার সাথে শারীরিক সম্পর্ক করতে। বিষয়টি জানতে পারে তৃতীয় এক কিশোর। সেও ভিডিওর ভয় দেখিয়ে ওই নাবালিকতার সাথে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ। বেশ কিছুদিন এই কাণ্ড চলার পর বেঁকে বসে নাবালিকা। তখন এক অভিযুক্ত শারীরিক সম্পর্কের ভিডিও নাবালিকার মোবাইলে পাঠিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়। বিষয়টি জানতে পারে নাবালিকার মা। তিনি বলেন ঘটনা জানার পর ওই কিশোরদের সতর্ক করা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় অবশেষে মঙ্গলবার অন্ডাল থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ দায়ের করেন বলে নাবালিকার মা জানান। অভিযোগ নথিভূক্ত হাওয়ার সাথে সাথে পুলিশ অভিযুক্ত নাবালক সহ দু’জনকে গ্রেফতার করে। রাতেই নাবালিকাকে পাঠানো হয় মেডিকেল পরীক্ষার জন্য। বুধবার অভিযুক্তদের আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। ঘটনার খবর চাউর হতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।




