পূর্ব ইন্টারন্যাশানাল স্কুলে শুরু হল বক্সিং টুর্ণামেন্ট
আমার কথা, দুর্গাপুর, ৩১ জুলাইঃ

দুর্গাপুরে পূর্বা ইন্টার ন্যাশানাল স্কুলে শুরু হয়ে গেল সিবিএসই ফার ইস্ট জোন বক্সিং টুর্ণামেন্ট। স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই প্রতিযোগিতার বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয়। এই প্রতিযোগীতায় ওড়িশা, আসাম, মেঘালয়, ছত্তিসগড় ও বাংলা এই ৫টি রাজ্য থেকে সিবিএসই অনুমোদিত ৬৫টি স্কুলের মোট ১৪০ জন পড়ুয়া প্রতিযোগীতায় অংশ নেবে। প্রতিযোগী সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, কোচ, টিম ম্যানেজারদের স্কুল প্রাঙ্গণেই ২৯ জুলাই থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত্য এই প্রতিযোগীতা চলবে।
পূর্ব ইন্টার ন্যাশানাল স্কুলের অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায় জানান, “পড়ুয়াদের মধ্যে বালক বালিকা উভয় ক্ষেত্রেই অনুর্ধ্ব ১৪, অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ১৯ মিলে মোট তিনটি বিভাগ করা হয়েছে। এই প্রতিযোগীতার চূড়ান্ত পর্যায়ে বয়স ও ওজনের ওপর ভিত্তি করে তিনটি বিভাগের উইনার্স ও ফার্স্ট রানার্স আপরা হরিয়ানায় আয়োজিত সিবিএসই ন্যাশানাল বক্সিং প্রতিযোগীতায় অংশ নেবে। সেখানে যারা সফল হবে তাঁরা স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া স্তরে অংশ নেওয়ার সুযোগ পাবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএভি মডেল স্কুলের অধ্যক্ষা পাপিয়া মুখোপাধ্যায়, জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জইনুল হক, দুর্গাপুর এমএএমসি টাউনশিপ মডার্ণ হাইস্কুলের প্রধানশিক্ষক তরুণ ভট্টাচার্য্য প্রমূখ।




