রথযাত্রার দিনে ডিএসপি টাউনশিপে বৃদ্ধার দুর্ঘটনায় মৃত্যু ঘিরে বিতর্ক
আমার কথা, ১৬ জুলাই
মুনমুন দত্ত, দুর্গাপুর:
রথযাত্রার দিনেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো দুর্গাপুর ইস্পাত নগরী। বিদ্যুতের পোল মাথায় পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে এ জোনের আশীষ মার্কেটের কাছে। মৃতার নাম আলোকলতা চৌধুরী (৬৫)।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আলোকলতাদেবী এদিন দুপুর ১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ছিলেন রথ দেখতে। সেই সময় সেখান দিয়ে ইসকনের রথ যাচ্ছিল। সুত্র মারফত জানা যায় সেই রথের সুউচ্চ ধ্বজা দুর্গাপুর ইস্পাত কারখানার একটি বিদ্যুতের পোলে আটকে গিয়ে পোলটি উপড়ে যায় আর সেটি গিয়ে পড়ে আলোকলতাদেবীর মাথায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে গভীর শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
যদিও এ বিষয়ে ইসকন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত: আলোকলতা চৌধুরী ১৫/১১ নং রানাপ্রতাপ রোডের বাসিন্দা ছিলেন। তিনি সরকারী স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। পাশাপাশি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মীও ছিলেন।



