পুনর্বাসন নিয়ে বৈঠকে কাটলো না অচলাবস্থা, ফ্লাটের পরিবর্তে জমি সহ বাড়ি চাই
আমার কথা, ৩০ জুলাই:
সার্থক কুমার দে, অন্ডাল:
অন্ডালের হরিশপুরে ভূমিধসের পাঁচ বছর পরও স্থায়ী পুনর্বাসন না হওয়ায় ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের মধ্যে । বৃহস্পতিবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন পুনর্বাসন প্রকল্প এলাকায় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল । বৈঠকে ছিলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, এডিডিএ, ইসিএল ও প্রশাসনের আধিকারিকরা । উল্লেখ্য ২০২০ সালের ১৬ই জুলাই ধসের কারণে কেঁপে ওঠে অন্ডালের হরিশপুর গ্রাম । মাটি বসে যাই, ক্ষতি হয় একাধিক ঘরবাড়ির । পুনর্বাসনের দাবিতে একজোট হয়ে আন্দোলন শুরু করে বাসিন্দারা । এমনকি ২০২১ সালে বিধানসভা ভোট বয়কট করা হয় পুনর্বাসনের দাবিতে । এদিন মন্ত্রী ও আধিকারিকদের সাথে বৈঠক শেষে গ্রামবাসীরা জানান বিমানবন্দর চত্বরে ইসিএলের তৈরি ফ্ল্যাটে তারা যেতে রাজি নন । তাঁদের দাবি, ফ্ল্যাটের পরিবর্তে জমিসহ বসবাসযোগ্য বাড়ির ব্যবস্থা করতে হবে ।
গ্রামবাসীদের বক্তব্য শোনার পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বিষয়টি ইসিএল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে । তিনি বলেন, স্থানীয় মানুষের স্বার্থ রক্ষা করেই গ্রহণযোগ্য পুনর্বাসনের চেষ্টা করা হবে ।
তবে বৈঠকের পরও গ্রামবাসীরা জানিয়েছেন, আশ্বাস মিললেও স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন ও উদ্বেগ শেষ হচ্ছে না ।



