নতুন রাস্তার নির্মাণকাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি
আমার কথা, অন্ডাল, ৭ জুনঃ
অন্ডাল ব্লকের দক্ষিণখন্ড মোড় থেকে মধুসূদনপুর কোলিয়ারি পর্যন্ত তৈরি হবে নতুন। শনিবার কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি। এই রাস্তাটি তৈরি হলে সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ উপকৃত হবে বলে জানান তিনি।
শনিবার দক্ষিণখন্ড মোড় থেকে মধুসূদনপুর কোলিয়ারি পর্যন্ত নতুন পিচ রাস্তা তৈরীর কাজের সূচনা হল। নারকেল ফাটিয়ে শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাপতি বিষ্ণুদেও নুনিয়া, দক্ষিণখন্ড পঞ্চায়েতের প্রধান অনন্ত ঘোষ, অন্ডাল পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিক মন্ডল সহ অন্যরা। এক কিলোমিটার দীর্ঘ এই পিচ রাস্তাটি তৈরি হবে জেলা পরিষদের আর্থিক অনুদানে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৯১ লক্ষ ১৯ হাজার ৩৬৬ টাকা । পঞ্চায়েত প্রধান অনন্ত বাবু জানান মধুসূদনপুর কোলিয়ারীর ৫/৬ নম্বর পিট থেকে রাস্তাটি এসে মিশেছে দক্ষিণখণ্ড মোড়ে অন্ডাল-উখড়া রাস্তার সাথে। বহু পুরনো এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় রয়েছে। এটি সংস্কারের জন্য জেলা পরিষদের সহ-সভাপতি ব্যক্তিগতভাবে উদ্যোগী হন। সহ-সভাপতি বিষ্ণুদেও নুনিয়া বলেন বর্তমানে এখানে যে রাস্তাটি রয়েছে সেটি ব্রিটিশ আমলের তৈরি । পরবর্তীকালে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল খনি সংস্থার। কয়লা খনি বন্ধ হয়ে যাওয়ার কারণে অবহেলায় রাস্তাটি নষ্ট হয়েছে । তাই সেটি নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সেই কাজের সূচনা হল বলে জানান তিনি। উক্ত রাস্তাটি সংস্কারের ফলে মুকুন্দপুর কোলিয়ারির পাশাপাশি মধুজোর, পরাশিয়া, দক্ষিণখন্ড সহ একাধিক এলাকার মানুষ উপকৃত হবে বলে স্থানীয়রা জানান।




