খুদে পড়ুয়াদের সমস্যার কথা শুনলেন জেলা শাসক
আমার কথা, লাউদোহা, ৬ আগস্ট:
সংবাদদাতা: সার্থক কুমার দে
‘আমার পাড়া আমার সমাধান’ কর্মসূচিতে এসে এলাকার সমস্যার কথা শোনার পাশাপাশি স্কুলে গিয়ে খুদে পড়ুয়াদের সমস্যার কথা শুনলেন জেলা শাসক। বুধবার রাজ্য সরকারের “আমার পাড়া-আমার সমাধান” কর্মসূচি হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতের নতুনডাঙ্গা কমিউনিটি হলে। এখানে পঞ্চায়েতের ১৩৬/১৩৭ ও ১৪০ নম্বর বুথের সমস্যার কথা শোনা হয়। তৈরি করা হয় সমাধানের রূপরেখা। কর্মসূচিতে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সাথে এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পেনাবলম, স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা।
সরকারি অনুষ্ঠান শেষে জেলাশাসক বিধায়ক সহ অন্যান্য আধিকারিকরা পৌঁছান স্থানীয় বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের স্বাগত জানান। জেলাশাসক ও বিধায়ককে পড়ুয়ারা তাদের সমস্যার কথা জানান। খেলার জন্য ফুটবল দেওয়ার দাবির পাশাপাশি বিদ্যালয়ের বাথরুম সংস্কারের আবদার করে তারা। বিধায়ক নরেন্দ্রনাথ বাবু বিদ্যালয়ের বাথরুম সংস্কারের জন্য এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। জেলাশাসক বলেন আমরা সাধারণত এলাকার উন্নয়ন ও বড়দের সমস্যার কথা শুনি বিভিন্ন কর্মসূচিতে। কিন্তু ছোটদেরও বিভিন্ন সমস্যা থাকে, দাবি থাকে কিন্তু তাদের বলার সুযোগ নেই। তাই আজকে ছোটদের সাথে কথা বলে তাদের দাবি শুনে ভালো লাগলো।



