ক্ষুদ্র শিল্পে জোর, দুর্গাপুরে ডবল-ইঞ্জিন মেলা
আমার কথা, ২১ আগস্ট
সনাতন গরাই, দুর্গাপুর:
শিল্প ও কর্মসংস্থানের প্রসারে নতুন উদ্যোগ। আগামী ২৩ আগস্ট থেকে দুর্গাপুরের পলাশডিহা হাটে শুরু হতে চলেছে রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বিশেষ মেলা। উদ্যোক্তা, হস্তশিল্পী এবং সাধারণ মানুষের জন্য এক ছাতার নিচে মিলবে সরকারি প্রকল্প, প্রশিক্ষণ ও শিল্প সংক্রান্ত নানা পরিষেবার সুযোগ।
আয়োজকদের দাবি, এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীদের পাশাপাশি অংশ নেবেন বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা। নতুন শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সরকারি প্রকল্প, ঋণ, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা সম্পর্কেও দেওয়া হবে বিস্তারিত তথ্য। পাশাপাশি উদ্যোক্তাদের নিয়ে থাকছে বিশেষ কর্মশালা ও আলোচনা সভা।
শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে এক সাংবাদিক বৈঠকে মেলার বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই এবং আয়োজক সংস্থার আধিকারিকরা।
সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাপস রায় জানান, নতুন উদ্যোগের মাধ্যমে শিল্পোদ্যোগীদের সরকারি পরিষেবার সঙ্গে আরও সহজে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, এই মেলা শুধু পণ্য প্রদর্শনী নয়, ভবিষ্যতের শিল্প ও স্বনির্ভর উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এই মেলার উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক মন্ত্রী ও আধিকারিকের।



