বামনাবেরায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, পরিষেবা পেলেন বহু মানুষ
আমার কথা, ৯ আগস্ট
সনাতন গরাই, কাঁকসা:
গ্রামীণ এলাকার সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য বাবনাবেরা রামকৃষ্ণ জনকল্যাণ সেবাশ্রমের উদ্যোগে এবং একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় শনিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বামনাবেরা রামকৃষ্ণ জনকল্যাণ সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের সূচনা করেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন সেবাশ্রমের সম্পাদক নিমাই চন্দ্র পাণ্ডে, সহযোগী হাসপাতালের CEO অন্তরা গাঙ্গুলি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিরা। শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ECG, ব্লাড সুগার পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়। শিশুদের পুষ্টি এবং বয়স্কদের হাড় ও মেরুদণ্ড সংক্রান্ত সমস্যার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেবাশ্রমের সম্পাদক নিমাই চন্দ্র পাণ্ডে জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং বিশেষ করে আর্থিকভাবে দুর্বল মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সহযোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আগামী দিনে এই ধরনের জনকল্যাণমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। স্বাস্থ্য শিবিরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হন এলাকার বহু মানুষ।



