কয়লার কারবার থেকে অস্ত্রপাচার, উল্কার গতিতে উত্থান শেখ সামশের হোসেনের
আমার কথা, ১০ আগস্ট
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
অবৈধ কয়লা কারবার থেকে আগ্নেয়াস্ত্র পাচার, অন্ধকার দুনিয়ায় উল্কার গতিতে উত্থান ঘটেছে পাণ্ডবেশ্বরের পিওর জামবাদ এলাকার বাসিন্দা শেখ সামশের হোসেনের । সম্প্রতি পুলিশের জালে ধরা পড়ে পাণ্ডবেশ্বর এর বাসিন্দা সেখ খায়রুল নামে এক অস্ত্র ব্যাপারী । তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে শেখ সামশের হোসেনের নাম । সম্প্রতি সামশের কে নিয়ে পরাশকোল কোলিয়ারির একটি আবাসনে তল্লাশি চালায় এস টি এফ । সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র । চারটি নাইন এমএম পিস্তল, সাতটি পয়েন্ট ৩২ বোর পিস্তল, এবং একটি পয়েন্ট ৩৮ রিভলবার, তিনটি পাইপগানও উদ্ধার হয়েছে । এছাড়া বাজেয়াপ্ত হয়েছে ৫৬ রাউন্ড বিভিন্ন বোরের কার্তুজ । পাচারের উদ্দেশ্যেই সামশের এই গোপন ডেরাতে অস্ত্র মজুদ করে রেখেছিল বলে ধারণা তদন্তকারীদের ।
শেখ সামশের হোসেন বেআইনি কয়লা কারবারের সাথে যুক্ত এতদিন এমনটাই পরিচয় ছিল তার । কিন্তু তিনি যে আগ্নেয়াস্ত্র পাচারের ব্যবসা করেন তা ছিল অজানা । তার ঘনিষ্ঠ সূত্রে জানা যায় অবৈধ কয়লা কারবারিদের আগ্নেয়াস্ত্রের প্রয়োজন পড়ে এটা স্বাভাবিক । সেই কারণেই সামশের আগে অন্যদের কাছ থেকে অস্ত্র কিনতো । পরে অতিরিক্ত মুনাফার লোভে সে অস্ত্র সরবরাহ কারবারে জড়িয়ে পড়ে ।
স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত সামশেরের বাবা একসময় কয়লা খনিতে চাকরি করতেন । তিনি একটি শ্রমিক সংগঠনের নেতাও ছিলেন । ২০০৮ সাল নাগাদ সামসের খনি কর্মীদের জন্য বরাদ্দ জ্বালানির কয়লা কিনে তা বিক্রির কারবার শুরু করেন । অল্প কিছুদিনের মধ্যেই অবৈধ কয়লা কারবারে তার পরিচিতি ঘটে । এরপর খনি থেকে কয়লা চুরি করে পাচার, অবৈধ খনন, কয়লার ডিপো গড়ে ওঠে সামশেরের । ক্রমে তিনি কয়লা সিন্ডিকেটের অন্যতম মাথা হয়ে ওঠেন । জানা যায় অবৈধ কয়লা কারবারের পাশাপাশি কয়লার ডিও, ইটভাটার ব্যবসাও রয়েছে সামশেরের । অবৈধ কয়লা কারবারের আড়ালে সামশের কবে থেকে অস্ত্র কেনাবেচা চক্র করে তুলেছে তা নিয়ে ধন্দ্ব রয়েছে । কোথায় থেকে সে অস্ত্র কিনতো ? কোথায় আর কাদের বিক্রি করতো সেই অস্ত্র, বিষয়টি জানার জন্য তদন্তের জাল বিছিয়েছে এসটিএফ ।
রাজ্যের শাসক দল বিজেপির স্থানীয় নেতাদের অভিযোগ তৃণমূল নেতাদের প্রশ্রয়ে শামসের অবৈধ কারবারের সাম্রাজ্য গড়ে তুলেছে । তার ছোট ভাই বহুলা পঞ্চায়েতে তৃণমূলের সদস্য বলে জানান তারা । বিষয়টি নিয়ে তৃণমূলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।



