মুম্বাই থেকে সোনা চুরি করে দুর্গাপুরে গা ঢাকা, হোল না শেষ রক্ষা
আমার কথা, দুর্গাপুর, ২ মার্চঃ
দোকান থেকে প্রচুর পরিমানে সোনা চুরির দায়ে দোকানের এক কর্মীকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম রিঙ্কু ধনঞ্জয় লায়েক। ফরিদপুর ব্লকের ঝাঁঝরা থেকে তাঁকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ইন্দাস গ্রামে থাকতেন রিঙ্কু। কাজ করতেন মহারাষ্ট্রের আজাদনগরের দুলে এলাকায় একটি সোনার দোকানে। ৩০ বছর ধরে ওই জুয়েলার্সের সাথে কাজ করা একজন বিশ্বস্ত কারিগর ছিলেন। ৪৫ লক্ষ টাকা মূল্যের ৬৮৫.১২৯ গ্রাম খাঁটি সোনা অভিযুক্তের হাতে তুলে দেন দোকান মালিক এবং ১০ থেকে ১৫ দিনের মধ্যে অভিনব গয়না তৈরি করতে বলেন। কিন্তু রিঙ্কু সেই সোনা নিয়ে পালিয়ে আসে এই জেলায়। ঝাঁঝরায় এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে ছিল সে। মঙ্গলবার রাতে মহারাষ্ট্র পুলিশ সেই আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে আজ বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তিনদিনের ট্রানজিট রিমান্ড দেন।




