আগে শিল্পপতিদের তাড়ানো হয়েছে, এখন এই রাজ্যে বিনিয়োগ করতে শিল্পপতিরা আগ্রহ দেখাচ্ছেন
আমার কথা, ২৯ সেপ্টেম্বর
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে আয়োজিত হল পাণ্ডবেশ্বর ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট কনক্লেভ। মঙ্গলবার ইসিএলের বাঁকোলা এরিয়ার গুলমোহর ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নবলম এস, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার-সহ জেলার একাধিক বিধায়ক, বণিকসভার প্রতিনিধি ও শিল্পপতিরা।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায়ের দাবি, দীর্ঘদিন রাজ্যে শিল্পের পরিবেশ ছিল না। তাঁর অভিযোগ, বাম আমলে আন্দোলনের নামে জঙ্গিপনা এবং তৃণমূল আমলে সিন্ডিকেটের দৌরাত্বের কারণে শিল্পপতিরা বাংলা ছেড়েছিলেন। রাজনৈতিক উত্তরণের আকাঙ্ক্ষাই কেউ কেউ শিল্পপতিদের বাংলা ছাড়া করেছেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিল্পের পরিবেশ বদলাতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, শহরকেন্দ্রিক শিল্পের পরিবর্তে রাজ্যের বিভিন্ন এলাকায় শিল্প ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের কর্মসংস্থানের জন্য শিল্প স্থাপন জরুরি বলেও জানান তিনি। শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাসের দাবি, শিল্প ও শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় রাজ্যে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। আগামী দিনে এর সুফল রাজ্যবাসী পাবেন বলেও জানান তিনি।
অন্যদিকে, বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি জানান পাণ্ডবেশ্বরে শিল্প স্থাপনে ইতিমধ্যেই প্রায় এক হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। তাঁর দাবি, এক মাসের মধ্যেই প্রায় দশজন শিল্পপতি পাণ্ডবেশ্বরে শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। সড়ক ও রেল যোগাযোগ, তুলনামূলক কম দামে জমি এবং দক্ষ শ্রমিকের উপস্থিতির কারণে শিল্পপতিরা পাণ্ডবেশ্বরে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন বলে জানান তিনি। আগামী এক বছর পর শিল্প স্থাপন ও বিনিয়োগের বিস্তারিত তথ্য জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও ঘোষণা করেন বিধায়ক।



