BREAKING! শ্রমিক নিয়োগ ঘিরে রণক্ষেত্র কাঁকসা, জখম ৩
আমার কথা, ১৩ আগস্ট
সনাতন গরাই, কাঁকসা:
নিয়োগ ঘিরে বিজেপির আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত কাঁকসার রাজবাঁধ। ঠিকা শ্রমিক নিয়োগের দখল কার হাতে থাকবে, তা নিয়ে ৪ তারিখের পর থেকেই চলছিল চাপানউতোর। বৃহস্পতিবার সেই বিবাদ গড়াল হাতাহাতি, ভাঙচুর এবং আহতের ঘটনায়।এক গোষ্ঠীর অভিযোগ, ৪ তারিখের পর থেকেই বিজেপির নাম ভাঙিয়ে কয়েকজন নেতা তোলাবাজি চালাচ্ছেন, বহিরাগতদের কাজে ঢোকানো হচ্ছে। এলাকার আদি বিজেপি কর্মীরা প্রতিবাদ করতেই তাঁদের উপর হামলা চালানো হয়। মারধরের পাশাপাশি মহিলাদের গায়েও হাত দেওয়ার অভিযোগ উঠেছে।বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌমেন কোনারের অভিযোগ, তৃণমূলের কিছু নেতা ৪ তারিখের পর রাতারাতি বিজেপি সেজে এলাকায় দাদাগিরি ও তোলাবাজি চালাচ্ছেন। বিষয়টি জেলা নেতৃত্ব ও পুলিশকে জানানো হয়েছে বলেও দাবি তাঁর। তবে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা। তাঁর পাল্টা দাবি, তৃণমূলের একাংশই রাতারাতি বিজেপি সেজে অশান্তি পাকানোর চেষ্টা করছে। বিজেপিতে কোনও গোষ্ঠী নেই; দুর্নীতিগ্রস্তরা নিজেদের বাঁচাতে বিজেপির নাম ব্যবহার করছে।
অন্যদিকে সন্ন্যাসী চক্রবর্তী নামের বিজেপি নেতার দাবি,”আমাদের ওপর হামলা চালায় নব্য বিজেপি। কার্যালয় ভেঙে দেওয়া হয়। আমরা উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।”



