বলিউডের গান গেয়ে, মিষ্টি খাইয়ে দিলীপকে বিয়ের শুভেচ্ছা কীর্তির
আমার কথা, দুর্গাপুর, ১৮ এপ্রিলঃ
মাত্র বছর খানেক আগে, লোকসভা নির্বাচনে একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করতেন দিলীপ-কীর্তি। আর বছর ঘুরতে সেই বিজেপি প্রতিদ্বন্দীকে শুভেচ্ছা জানালেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। আর সেই শুভেচ্ছাবার্তা জানান বলিউড সিনেমার একটি গানের কলি গেয়ে। শুধু তাই নয়, দিলীপবাবুর বিয়ের আনন্দে তিনি মিষ্টিমুখও করান সকলকে।
বৃহস্পতিবার গতকাল সন্ধেয় কলকাতায় ঝড় উঠেছিল। ঝমঝম করে কয়েক পশলা বৃষ্টিও হয়। ঠিক সেই সময়েই ঝড়ের বেগে এই খবর ছড়িয়ে পড়ে যে শুক্রবার সন্ধেয় দিলীপ ঘোষের মালাবদল। বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ নামটা এমনই পরিচিত যে তার আগুপিছু পরিচয় আর প্রয়োজন হয় না। খবরটা প্রথমে শুনেই কেউ ভেবেছিলেন গুজব, কেউ ভেবেছিলেন বেচারা দিলীপ ঘোষকে ট্রোল করছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল, না খবরটা সত্যি।
প্রসঙ্গতঃ লোকসভা কেন্দ্র ছিল বর্ধমান-দুর্গাপুর। প্রতিদ্বন্দ্বিতায় কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষ। বিজেপির হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে জয়ী হন কীর্তি। জয়ের ব্যবধান ছিল ১ লক্ষেরও বেশি। সে সব অতীত। রাজনৈতিক ঠোকাঠুকি দূরে রেখে বন্ধুর বিয়ের দিন মিষ্টি বিতরণ করলেন তৃণমূল সাংসদ। ফোনে গান চালিয়ে গাইলেন, ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’। সাথে তিনি বলেন, “মেয়েরা মায়ের জাত। দিলীপ জয় সিয়ারাম বলেন। এবার আশা করা যায় তিনি মেয়েদের সম্মান দিয়ে কথা বলবেন”।




