দুর্গাপুজোর প্রাক্কালে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত, গ্রেফতার ২ ব্যবসায়ী
আমার কথা, সার্থক দে, পান্ডবেশ্বর, ২১ সেপ্টেম্বর:
শনিবার রাতে পাণ্ডবেশ্বর বাজারে শব্দবাজি উদ্ধারে অভিযান চালায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। প্রচুর পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করার পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয় দু’জনকে। ধৃত দুই ব্যবসায়ী সুপ্রভাত বড়ুয়া পাণ্ডবেশ্বর বাজার ও চন্দ্রদেব প্রসাদ মুদি ডিভিসি পাড়ার বাসিন্দা বলে জানা যায়। ধৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ শব্দবাজি মজুদ ও বিক্রি করার নির্দিষ্ট ধারাতে মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ধৃতদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে।
থানার এক আধিকারিক জানান কয়েক দিন ধরেই পাণ্ডবেশ্বর বাজারে শব্দবাজি মজুদ ও বিক্রি করার অভিযোগ আসছিল। বিষয়টির উপর নজর রাখছিল পুলিশ। শনিবার রাত আটটা থেকে পাণ্ডবেশ্বর বাজারে শব্দবাজি উদ্ধারে অভিযান চালানো হয়। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানান তিনি।




