গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে মায়াপুরের যুবক
আমার কথা, কাঁকসা, ৭ আগস্টঃ
ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কাঁকসার ধোবারু এলাকায় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহত বাইক আরোহীকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতের নাম প্রতীক বোস। ২১ বছর বয়সী প্রতীক বোসের বাড়ি নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত পশ্চিম মায়াপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাইক আরোহী পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে বীরভূমের উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার বাঁ দিক থেকে একটি গরু আচমকা রাস্তার উপর চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে বাইক আরোহী রাস্তার ডান দিকে চলে যায়, উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরেই রাস্তার উপর ছিটকে পড়ে ওই বাইক আরোহী। তার ডান পায়ে গুরুতর চোট লাগে।দুর্ঘটনার জেরে মোড়গ্রাম রাজ্য সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। কাঁকসা থানার পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপশি দুর্ঘটনাগ্রস্থ ডাম্পার ও বাইকটিকে উদ্ধার করে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে।



