দামোদরে তলিয়ে গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ
আমার কথা, বুদবুদ, ১৩ জুলাই:
দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। প্রায় ৬৫ বছর বয়সি ওই বৃদ্ধের নাম বাদল বাগদি। বুদবুদের চাকতেঁতুল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন,রবিবার সকালে রনডিহা ড্যাম সংলগ্ন দামোদর নদের জলে স্নান করতে নামেন ওই বৃদ্ধ। হঠাৎই ওই বৃদ্ধ জলে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলেও ততক্ষণে ওই বৃদ্ধ দামোদরের জলে ভেসে রনডিয়া ড্যাম থেকে বেশ কিছুটা দূরে চলে যায়। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিভিল ডিফেন্স কে খবর দিলে সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। স্পিড বোড নামিয়ে এবং ডুবুরি দিয়ে তলিয়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা শুরু করেছে সিভিল ডিফেন্সের কর্মীরা। গত প্রায় একমাস আগেই একই জায়গায় তিনজন তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল। ফের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে নজর দারির বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।স্থানীয়রা জানিয়েছেন, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্নান করতে নেমে তিনি তলিয়ে যান। তবে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি থাকলেও সেটি ড্যামের আশেপাশে উপর দিকে থাকে। নিচের দিকে কোনো নজরদারি থাকে না।
তাই যাতে রণডিহা ড্যাম সংলগ্ন এলাকায় দামোদর নদের নিচের দিকেও প্রশাসনের নজরদারি থাকে সেই বিষয়ে আবেদন জানিয়েছেন এলাকার মানুষ।




