শান্ত স্বভাবের ছেলেটি কিনা পাক-চর? হতবাক পানাগড় গ্রামের বাসিন্দারা
আমার কথা, পানাগড়, ১২ জুলাইঃ
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে গ্রেপ্তার হয় পানাগড়ের এক যুবক।
মেমারি থেকে মুকেশ রজক(২৩) নামে ওই যুবকের সাথে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিন আগে মেমারির ভাড়া বাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করে এসটি এফ এর একটি দল। জানা গিয়েছে পাকিস্তানের কোনো এক অজানা ফেক সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের সাথে তারা যুক্ত হয়। সেই অ্যাকাউন্ট এর মালিক তাদের সাথে বন্ধুত্ব করে। সেই বন্ধুত্বের আড়ালে মুকেশ ও তার সঙ্গী থেকে ভারতীয় মোবাইল নম্বরের ওটিপি নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্ট দিয়ে জঙ্গি কার্যকলাপের পরিকল্পনা ছিল তাদের এমনটাই মনে পড়ছে এসটিএফ এর দল। মুকেশ রজক গ্রেপ্তার হলেও এখনো পর্যন্ত কি কারনে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানে না তার পরিবার। পানাগড় গ্রামের ক্যানেল পাড়ে সেচ খালের উপর ডিভিসির জমির ওপর ছোট্ট একটি বাড়িতে থাকে তার মা ও তার বড় দাদার পরিবার।
তার মা সোনা দেবী রজক জানিয়েছেন, তার ছেলে এখন কোথায় আছে তা তিনি জানেন না। গত দুদিন আগে টিভিতে তারা ছেলের গ্রেপ্তার হওয়ার খবর পান। গত কয়েক বছর ধরে সে মেমারিতে কাপড়ের দোকানে কাজ করতো বলে পরিবারকে জানিয়েছিল। কোনো একটি খ্রিস্টানদের সংস্থার সাথে নাকি সে যুক্ত ছিল। সেখানেই মুকেশ ভাড়া বাড়িতে থাকতেন।
মুকেশ এর গ্রেপ্তারের খবরে হতবাক এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছেন এখন এলাকায় থাকতে তাদের ভয় লাগছে। মুকেশ যে এ ধরনের কাজ করবে তা তারা কখনই ভাবতে পারেনি। বরাবরই শান্তশিষ্ট স্বভাবের ছেলে ছিল মুকেশ। যদি সে কোনো অন্যায় করে থাকে তবে তার উপযুক্ত শাস্তি পাওয়া উচিত বলে দাবি এলাকাবাসীর।
এলাকার মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্কের ছবি স্পষ্ট। পাড়ায় নতুন কাউকে ঢুকতে দেখলেই এলাকার মানুষ রাস্তায় ভিড় জমাচ্ছেন। তাদের সকলেরই একটাই দাবি যদি কেউ দেশের বিরুদ্ধে অন্যায় কাজ করে থাকে তবে তার শাস্তি হবে।
উল্লেখ্য গত বছর জুন মাসে এই পানাগড়ের মীরপাড়া থেকে কলেজ পড়ুয়া মহম্মদ হাবিবুল্লাকে গ্রেফতার করেছিল এসটিএফ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।




