উদ্বোধন হল পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির ই-লাইব্রেরীর ওয়েবসাইটের
আমার কথা, পান্ডবেশেওর, ১০ জুলাইঃ
পাণ্ডবেশ্বর ব্লকের জন্য ৯ জুলাই ছিল একটি উল্লেখযোগ্য দিন। বুধবার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির ই-লাইব্রেরীর ওয়েবসাইটের শুভ উদ্বোধন হলো। এই উপলক্ষে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন যে, “বদলে যাওয়া দিনের সাথে পড়াশোনা পদ্ধতিরও দ্রুত আধুনিকীকরণ হচ্ছে, এই বিষয়টিকে মাথায় রেখে পান্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি তার সামর্থের মধ্যে থেকে পাণ্ডবেশ্বরের ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল লার্নিং এর কিছু সুযোগ করে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছে। পাণ্ডবেশ্বর ব্লকের এই ই-লাইব্রেরীটি পশ্চিমবঙ্গের বাকি ব্লকগুলিকেও এই ধরনের লাইব্রেরী তৈরিতে অনুপ্রাণিত করবে”।
পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা বললেন, “প্রাচীন যুগে তক্ষশীলা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে যেমন জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিল সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে এই লাইব্রেরীটির নাম ‘তক্ষশীলা’ রাখা হয়েছে। আজকের ডিজিটাল লার্নিং-এর যুগে ই-লাইব্রেরীর মত মাধ্যম জ্ঞানান্বেষণে অগ্রণী ভূমিকা পালন করছে। তাই পাণ্ডবেশ্বরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের ডিজিটাল লার্নিং-এ উৎসাহিত করার জন্য পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বার্ষিক পরিকল্পনার আয়তায় এই ই-লাইব্রেটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল”।
পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রুইদাস বলেন যে, “পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি সবসময় শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে এসেছে। একই সাথে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কাজকর্মেও শিক্ষার্থীদের উৎসাহিত করার চেষ্টা করে গেছে। সেই ধারাতে অক্ষুন্ন রেখে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি এই ই-লাইব্রেরীটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল, যার বাস্তবায়ন ঘটেছে আজ। ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনার সাথে সাথে বিভিন্ন সংস্কৃতি কর্মে উৎসাহিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে এই লাইব্রেরীটি”।
পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি বলেন যে, “ডিজিটাল লার্নিংকে উৎসাহিত করার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে স্কুলের ছাত্র-ছাত্রীদের ট্যাব বিতরণ করেছেন সেই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি এই ডিজিটাল লাইব্রেরী তৈরি করতে সচেষ্ট হয়। এর মাধ্যমে বর্তমান সময়ে পরিবর্তিত শিক্ষা পদ্ধতির সাথে ছাত্রছাত্রীদের একাত্ম হওয়ার সুযোগ করে দেবে এই লাইব্রেরীটি। পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি এইরকম উদ্ভাবনমূলক ভাবনাকে সবসময় গুরুত্ব দেয় এবং সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দেবার চেষ্টা করে যাবে”।
একই সাথে এই দিনে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি পরিচালিত “বিদ্যাসাগর পুরস্কার বিতরণ” অনুষ্ঠানের তৃতীয় বর্ষ উদযাপিত হয়। পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে বিদ্যাসাগর পুরস্কার তুলে দেওয়া হয়। একই সাথে পাণ্ডবেশ্বর ব্লকে অবস্থিত সি.বি.এস.ই. ও আই.সি.এস.ই. বোর্ডের অন্তর্গত স্কুলগুলির ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রীদের হাতেও বিদ্যাসাগর পুরস্কার তুলে দেওয়া হয়। পানসুলি গ্রামের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম স্থান অধিকারিনী শ্রীপর্ণা মন্ডলের হাতেও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।



