লাগাতার ধর্ষণে গর্ভবতী নাবালিকা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও
আমার কথা, কাঁকসা, ৭ মার্চঃ
কাঁকসায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে কাঁকসা থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসলো বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।এদিন দুপুর ১২টায় এই কর্মসূচিতে যোগ দেন কাঁকসার বিজেপি কর্মী সমর্থকরা,বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা সহ জেলা নেতৃত্ব।বিজেপির অভিযোগ তাদের এক কর্মীর আত্মীয়ের মেয়েকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে তাকে ধর্ষণ করে এলাকার এক ব্যক্তি। এর পর তার নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। তার সাথে আরও এক যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই নাবালিকা অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে দেখা যায় সে গর্ভবতী হয়ে পড়েছে। এর পরেই ওই নাবালিকাকে পরিবারের সদস্যরা জেরা করে প্রতিবেশী দুই জনের নাম জানতে পারে। ঘটনার পর পরিবারের সদস্যরা গত মাসের ৩০ তারিখে কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানায়।ঘটনার পরই যদিও কাঁকসা থানার পুলিশ ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা করে ও মামলা রুজু করে ওই নাবালিকাকে আদালতে পেশ করে।পাশাপশি এই ঘটনায় যুক্ত ৩জনের সন্ধান শুরু করে।ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা ছেড়ে পালায় ওই তিন জন।




