অন্ডালে জনগণনা-২০২৭ উপলক্ষে প্রস্তুতি সভা
আমার কথা, ১ আগস্ট
সার্থক কুমার দে, অন্ডাল:
জনগণনা-২০২৭-এর প্রথম পর্যায় শুরু উপলক্ষে শনিবার অন্ডাল বিডিও দপ্তরে জনগণনার সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের নিয়ে প্রস্তুতি ও নির্দেশিকা সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন বিডিও দেবাঞ্জন বিশ্বাস, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, নির্বাচন কমিশন ও জনগণনা দপ্তরের আধিকারিকরা ।
সভায় জনগণনার তথ্য সংগ্রহের পদ্ধতি, নির্ভুলতা বজায় রাখা এবং মাঠপর্যায়ে কর্মীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় । বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন, সরকারি উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক প্রকল্পের ভিত্তি গড়ে ওঠে জনগণনার তথ্যের উপর । তাই তথ্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বার প্রথমবারের মতো ডিজিটাল সেলফ এনুমারেশন-এর সুযোগ থাকছে । পরে জনগণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন এবং যাঁরা অনলাইনে তথ্য জমা দিতে পারবেন না, তাঁদের কাছ থেকেও সরাসরি তথ্য সংগ্রহ করা হবে । প্রশাসনের নির্দেশ, জনগণনার আওতায় কোনও ব্যক্তি বা পরিবার যেন বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ।



