স্কুলে চলছে পড়াশোনা, বসেছে “আমাদের পাড়া-আমাদের সমাধান” ক্যাম্প, বিতর্ক
আমার কথা, পান্ডবেশ্বর, ২ আগস্টঃ
স্কুলের একদিকে চলছে পড়ুয়াদের পঠন-পাঠন, অন্য অংশে হচ্ছে “আমাদের পাড়া-আমাদের সমাধান” ক্যাম্প, শনিবার এই দৃশ্য দেখা গেল পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এদিনের সরকারি ক্যাম্পে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা সহ অন্যান্য সরকারি আধিকারিক ও এলাকার মানুষজন। বিদ্যালয়ে পঠন পাঠন চলার সময় সেখানে সরকারি ক্যাম্প হওয়া নিয়ে উঠছে প্রশ্ন? তাছাড়া স্কুলে পুলিশ সহ এত মানুষের ভিড় দেখে পড়ুয়াদের মনসংযোগ নষ্ট হতে পারে বলে ধারণা অভিভাবকদের। যদিও বিডিও বৃষ্টি হাজরা বলেন স্কুল পরিদর্শকের গাইডলাইন মেনেই এদিন ক্যাম্প হয় স্কুলে। তবে তার জন্য পঠন পাঠন, মিড ডে মিল সহ স্কুলের স্বাভাবিক কাজ অন্যান্য দিনের মতোই হয়েছে বলে জানান তিনি। স্কুল পরিদর্শক (এস,আই পাণ্ডবেশ্বর) সজল কুমার মন্ডলকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করা হলে তিনি ফোন না ধরায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



