অবৈভাবে বালি পাচারের অভিযোগে গ্রেফতার জাঠগড়িয়ার সেখ হিরন মন্ডল
আমার কথা, ৯ জুন
সনাতন গরাই, দুর্গাপুর:
অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগ। গ্রেপ্তার কাঁকসার জাঠগড়িয়া এলাকার শেখ হিরণ মন্ডলকে। দীর্ঘদিন ধরেই সে বালি মজুত ও পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ বালি ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে এলাকায় প্রভাবশালী হয়ে উঠেছিল হিরণ। তার মালিকানাধীন একাধিক ট্রাক্টরের মাধ্যমে বিদবিহার সংলগ্ন অজয় নদ থেকে বালি তুলে জেলার বিভিন্ন প্রান্তে পাচার করা হত বলেও অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এতদিন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তবে রাজ্যে অবৈধ কারবারের বিরুদ্ধে কড়া অভিযানের আবহে এবার নড়েচড়ে বসেছে পুলিশ। দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার শেখ হিরণ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বালি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি অবৈধ বালি মজুতের অভিযোগ রয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথায় কোথায় বালি মজুত করা হত এবং পাচারের নেটওয়ার্ক কতটা বিস্তৃত ছিল, তা জানার চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর মঙ্গলবারই তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।



