শ্বশুরবাড়িতে রক্তাক্ত হামলা, প্রাণ গেল জামাইয়ের
আমার কথা, ৩১ আগস্ট
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
রাতের খাবার খাওয়ার সময় আচমকাই নেমে আসে ভয়াবহ বিপর্যয়। অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে স্বামীকে খুন করা হয়েছে। ঘটনায় মৃতের স্ত্রী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানার মহাল এলাকায়। মৃতের নাম শেখ হাসমত (৪৪)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে বীরভূমে থাকলেও কয়েক দিন ধরে শ্বশুরবাড়িতে ছিলেন হাসমত। অভিযোগ, রবিবার রাতে খাবার খাওয়ার সময় আচমকাই তাঁর উপর হামলা চালানো হয়। হাতুড়ি, শাবল ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, হামলায় নেতৃত্ব দেন মৃতের শ্যালক এবং তাতে স্ত্রীরও যোগসাজশ ছিল।
গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃতের দাদা শেখ মিলন অভিযোগ করেন, “আমার ভাই ভাত খাচ্ছিল। সেই সময় ওর স্ত্রী ও শ্যালকরা একসঙ্গে ওর উপর চড়াও হয়। বেলচা, কোদাল, শাবল ও হাতুড়ি দিয়ে মারধর করা হয়। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সকলের কঠোর শাস্তি চাই।”
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।



