বিশ্ব পরিবেশ দিবসে পান্ডবেশ্বরে বিশেষ অনুষ্ঠান
আমার কথা, পান্ডবেশ্বর, ৫ জুনঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি ও কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জামাই পাড়া-ডোম পাড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস, পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটী মুখার্জী, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সন্তোষ পাসোয়ান, কেন্দ্রা গ্রাম পঞ্চায়েত প্রধান বিশাখা বাদ্যকার, উপপ্রধান লোকমান আনসারী ও অন্যান্য আধিকারিকেরা।
উক্ত অনুষ্ঠানে পাণ্ডবেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা বলেন জামাই পাড়া-ডোম পাড়া এস এস কে-এর পাশে জঞ্জালের স্তূপটি পাণ্ডবেশ্বর ই.সি.এল. এর সহযোগিতায় পরিষ্কার করিয়ে আজ এই জায়গায় বৃক্ষরোপণ করা হল এবং তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণের জন্য উৎসাহিত করলেন।
এই উপলক্ষ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস স্থানীয় মানুষদের কাছে আবেদন করেন যে তারা যেন বিদ্যালয়টির পাশে জঞ্জাল ফেলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক পরিবেশ তৈরি করা থেকে বিরত থাকেন এবং একই সাথে তিনি বলেন যে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি একটি জঞ্জাল ফেলার ডাস্টবিন তৈরি করে দেবে।
পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জী বলেন যে বাচ্চাদের বদ্ধ ও একঘেয়ে পরিবেশ থেকে মুক্তি ও আনন্দ দিতে এখানে একটি শিশু উদ্যান গড়ে তোলা হবে এবং একই সাথে তিনি স্থানীয় মানুষদের প্রতি আবেদন করেন যে তারা যেন নিজেদের বাচ্চাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এলাকাটি পারিষ্কার ও পরিচ্ছন্ন রাখেন।
এই অনুষ্ঠানে কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সীমানা প্রাচীরের কাজটি শুভ উদ্বোধন করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা ।
অনুষ্ঠানের শেষলগ্নে ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষ , বি.ডি.ও, সভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধান, উপ প্রধান ও পঞ্চায়েত সদস্যরা এক সাথে সম্মিলিত হয়ে বৃক্ষরোপণ করেন।


