পুজোর অনুদান বাড়ালো রাজ্য সরকার, ছাড় বাড়লো বিদ্যুৎ বিলেও
আমার কথা, পানাগড়, ৩১ জুলাইঃ
পুজোর অনুদান ৮৫ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। সেই মতো এদিন পানাগড় বাজারে একটি ক্লাব প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার জন্য কাঁকসা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, কাঁকসার আইসি প্রসূন খাঁ, কাঁকসার বিডিও পর্না দে, জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস, কাঁকসার বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা সহ প্রশাসনিক আধিকারিকরা এবং পুজো কমিটির সদস্যরা।
এদিন সভা শেষে পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে পুজো কমিটি গুলির জন্য কোনো না কোনো সুখবর দেবেন বলে তাদের আশা ছিল। এক লক্ষ দশ হাজার টাকা পুজোর অনুদানের কথা ঘোষণা হতেই উল্লাসে মেতে ওঠেন সকলে।
তারা জানিয়েছেন আর্থিক অনুদান বাড়িয়ে দেওয়ার ফলে সমস্ত পুজো গুলি এবার আরও জাঁক জমকভাবে করতে পারবে। তার সাথে বিদ্যুৎ বিল সহ বিভিন্ন বিষয়ে ছাড় দেওয়াতে সাড়ম্বরে পুজো করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।
কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, প্রতিবছর দুর্গাপুজোর আগে সমস্ত পুজো কমিটি গুলিকে নিয়ে একটি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। সেইমতো বৃহস্পতিবার বিকেলে এই ভার্চুয়াল সভায় পানাগড় থেকে কাঁকসা ব্লকের সমস্ত পুজো কমিটি গুলিকে নিয়ে যোগ দেওয়া হয়েছিল। আসন্ন দুর্গাপুজোর উপলক্ষে সরকারের পক্ষ থেকে যে সমস্ত বিধি নিষেধ এবং নিয়ম-কানুন লাঘু করা হয়েছে সেগুলি বিস্তারিত ভাবে সকলের সামনে তুলে ধরা হয় এই সভার মাধ্যমে। এর ফলে সমস্ত পুজো কমিটি গুলি প্রশাসনের নিয়ম মেনেই তাদের পূজোর প্রস্তুতি শুরু করতে পারবে। একই সাথে সরকারের পক্ষ থেকে পূজোর যে অনুদান দেওয়া হয় সেই অনুদানও এবার ৮৫ হাজার থেকে ১ লক্ষ ১০ হাজার করে দেওয়া হয়েছে। এর ফলে পুজো কমিটিগুলির পুজো করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।




