চুরির পর্দা ফাঁস, উদ্ধার ব্যবসায়ীর অলঙ্কার
আমার কথা, অন্ডাল, ৮ জুলাইঃ
ফাঁকা ঘরে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই দুষ্কৃতি। জেরা করে উদ্ধার হলো অলংকার। অন্ডাল থানায় সাংবাদিক সম্মেলন করে জানালেন ডিসিপি (পূর্ব))। সম্প্রতি চুরির ঘটনাটি ঘটেছিল উখড়া গ্রামের এক ব্যবসায়ির ঘরে।
গত ২৬ শে জুন অন্ডাল থানার উখড়া গ্রামের শনি মন্দির সংলগ্ন ব্রিজ প্রসাদ বর্ণওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটর। নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার সময় ঘরে অনুপস্থিত ছিলেন ওই ব্যবসায়ী ও তার পরিবার। সপরিবারে তারা কয়েক দিনের জন্য বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে চুরির ঘটনাটি নজরে আসে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে উখড়া ফাঁড়ির পুলিশ। ৪-ই জুলাই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ে শেখ আব্দুল মালিক ও মোহাম্মদ জামাল নামে দু’জন। ধৃত দুজনের মধ্যে একজনের বাড়ি উখরা গ্রামের শংকরপুর ও অপরজন রানীগঞ্জের বাসিন্দা বলে জানা যায়। কোটে পেশ করার পর দুষ্কৃতীদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া অলংকারের একাংশ উদ্ধার হয়েছে বলে মঙ্গলবার অন্ডাল থানাতে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ইস্ট) অভিষেক গুপ্তা। তিনি জানান তদন্তে জানা গেছে দুষ্কৃতীরা চুরি করার আগে ওই এলাকায় বেশ কয়েকবার রেকি করেছিল। ঘটনায় ধৃত দু’জন ছাড়া আরও কেউ জড়িত ছিল কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।



