গৌড়ীয় মঠে চারদিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ঢল
আমার কথা, ২৭ সেপ্টেম্বর
মুনমুন দত্ত, দুর্গাপুর:
দুর্গাপুর স্টিল টাউনশিপের চৈতন্য এভিনিউতে অবস্থিত শ্রীকৃতিরত্ন গৌড়ীয় মঠে পরমারাধ্যতম ১০৮ শ্রীমদ্ভবেদান্ত পর্যটক গোস্বামী কখনো গুরুমহারাজের শ্রীবিগ্ৰহ প্রতিষ্ঠা মহামহোৎসব মহাসমারোহে গত ২২-২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো। এই মহৎ অনুষ্ঠানে শ্রীমহাজন পদাবলী কীর্তন, ইস্পাত নগরী তে নগর সংকীর্তন, ভারতবর্ষের বিভিন্ন মঠ থেকে আগত পরমপূজ্যপাদ সন্ন্যাসীগণের বক্তৃতা, শ্রীবিগ্ৰহ গণের বিশেষ নিত্যসেবা এবং পূজো শেষে মহাপ্রসাদের ব্যবস্থা ছিল। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে মঠের সন্ন্যাসীবৃন্দ সারা ভারতবর্ষ জুড়ে শ্রীবিগ্ৰহ প্রতিষ্ঠা ও মহামহোৎসব উপলক্ষে প্রচার করেন। এই মহোৎসবে সারা ভারতবর্ষের বহু সাধু, সন্ন্যাসী ও প্রচুর ভক্তবৃন্দ সমবেত হন। অনুষ্ঠানের শেষ দিন (২৫ শে সেপ্টেম্বর) তীব্র প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রায় আট হাজার ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্ৰহণ করেন। এই মহামহোৎসব অনুষ্ঠানে শ্রীভক্তিবেদান্ত তীর্থ মহারাজ, জিতেন্দ্রীয় মহারাজ, অর্জুন প্রভু, রাধাকান্ত প্রভু, সদাশিব প্রভু সহ আরো ভক্তবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে এই শ্রীবিগ্ৰহ প্রতিষ্ঠা ও মহামহোৎসব অনুষ্ঠানটি সুন্দর, সর্বাত্মক ও সাফল্যমণ্ডিত হয়েছে।



