পারিবারিক অশান্তির মাঝে ঢুকে পড়লেন তৃণমূল নেতা, মাথা ফাটল যুবকের
আমার কথা, দুর্গাপুর, ৮জুনঃ
মৃত বাবার চাকরী আর সম্পত্তি এই নিয়ে বিবাদ আর সেই বিবাদের মাঝে ঢুকে পড়লেন এক বহিরাগত। যার জেরে অশান্তিতে ঘৃতাহুতি পড়ল। জখম হলেন এক ভাই। বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে।
দুর্গাপুরের ১৯ নং ওয়ার্ডের বেনাচিতির গড়াইপাড়ায় বসবাস করেন দুই ভাই দীপক মন্ডল ও চঞ্চল মণ্ডল। দুই ভাইয়ের বাবা মারা গিয়েছেন। এখন তাঁর চাকরি কে পাবে আর সম্পত্তির ভাগ বাটোয়ারা কিভাবে হবে তা নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল দুই ভাইয়ের মধ্যে। এরই মধ্যে দুই ভাইয়ের সমস্যা মেটাতে গত শুক্রবার ওই ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি দীপক গড়াই পদক্ষেপ নেন। পরিবারের অভিযোগ, দীপক গড়াই পরিবারের ছোট ছেলে চঞ্চল মন্ডলের স্বপক্ষে এসে বড় দাদা দীপক মন্ডল মারধর করেন, পাশের বাড়িতে থাকা কাকার ছেলে সুমিত মন্ডল ছাড়াতে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়, উইকেট দিয়ে ফাটিয়ে দেওয়া হয় মাথা। এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় যুবনেতা দীপক গড়াই। সুমিতকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় ফরিদপুর ফাঁড়িতে নিয়ে গিয়ে অভিযোগ জানানো হয়। এরপর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সুমিত মন্ডল।
এ মত অবস্থায় চরম আতঙ্কে রয়েছে দীপক মন্ডলের পরিবার। কড়া ব্যবস্থা আর্জি জানাচ্ছে দীপক মন্ডল এর স্ত্রী রুমকি মন্ডল। যদিও এই নিয়ে স্থানীয় ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সিং জানান, দলগতভাবে এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে।




