জলে ডুবে মৃত্যু দুই কিশোরের, রেলকে দোষারোপ স্থানীয়দের
আমার কথা, অন্ডাল, ৪ আগস্ট:
সংবাদদাতা: সার্থক কুমার দে
বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের। অন্ডাল থানার চনচনি এলাকায় ইসিএলের একটি নির্মাণীয়মান প্রকল্পের জলাশয়ে ঘটনাটি ঘটে। সংস্থার গাফিলতি নিয়ে সরব হয়েছে এলাকাবাসী।
চনচনি থেকে কুমারডিহি যাওয়ার রাস্তায় ইসিএলের কয়লা পরিবহনের জন্য তৈরি হচ্ছে একটি রেল লাইন। লাইন পাতার জন্য পাশে খোঁড়া হয়েছে মাটি। সেখানে তৈরি হয়েছে গভীর গর্ত। টানা বৃষ্টিতে সেটি জলাশয়ের আকার নিয়েছে। সেই জলাশয় থেকে রবিবার গভীর রাতে উদ্ধার হয় চনচনি ৩ নম্বর এলাকার বাসিন্দা রোশন পাশওয়ান (১১) ও আদর্শ রাও (১০) নামে দুই কিশোরের মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বেলা সাড়ে তিনটে নাগাদ ৫ কিশোর বন্ধু স্নান করতে বাড়ি থেকে বের হয়। বিকেল হয়ে যাওয়ার পরও রসুন ও আদর্শ বাড়ি না ফেরায় অভিভাবকরা তাদের খোঁজ শুরু করে। পরে তারা জানতে পারে অন্য তিন কিশোরের সাথে তারা স্নান করতে বেরিয়েছিল। ওই কিশোরদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় রোশন ও আদর্শ স্নান করার সময় জলে তলিয়ে যায়, ভয়ে তারা বাড়ি ফিরে আসে। বিষয়টি চেপে যায় তারা। অভিভাবক ও পাড়া-প্রতিবেশীরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে পৌঁছায়। খবর পেয়ে আসে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে দশটা নাগাদ জলে তলিয়ে যাওয়া রোশন ও আদর্শের মৃতদেহ উদ্ধার করা হয়। রাতেই অন্ডাল থানাতে দেহ দুটি আনা হয়। ময়না তদন্তের জন্য সোমবার দেহগুলি পাঠানো হয় আসানসোল মহকুমা হাসপাতালে।
স্থানীয়দের অভিযোগ রেল লাইন পাতার জন্য মাটি খুঁড়ে নেওয়ায় সেখানে গর্ত তৈরি হয়েছে। সেটি বর্তমানে জলাশয়ের রূপ নিয়েছে। সংস্থার ওভাবে কাজ করা ঠিক হয়নি। তাদের গাফিলতিতে দুই কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগে সরব হন তারা।



