“বিনা খরচায় অযোধ্যায় রামমন্দির দর্শণ”-ভোটে জিততে জিতেনের নয়া টোপ
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২১মার্চঃ
আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় পশ্চিম বর্ধমান জেলায় ভোট। তবে ভোটারদের মন জয় করতে সাথে নিজেদের ভোট ব্যাংক ভরাতে ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষ। এলাকায় রবিবাসরীয় প্রচার সারলেন তৃণমূল- বিজেপি- সিপিএম প্রার্থীরা।
এগারোটা নাগাদ পান্দবেশ্বরের হরিপুরে রামসীতা মন্দিরে পুজো দিয়ে সস্ত্রীক প্রচারে বের হন বিজেপি প্রার্থী জিতেন তেওয়ারি। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানান “কেউ জয় শ্রীরাম বললে তাকে নাকি এলাকায় থাকতে দেওয়া হবে না বলে হুমকী দিচ্ছেন তিনি। পাণ্ডবেশ্বরে সবাই জয় শ্রীরাম বলবে দেখি তৃণমূল কিভাবে আটকায়।” পাশাপাশি তিনি বলেন “অযোধ্যায় রাম মন্দির হচ্ছে, এলাকার যারা সেই মন্দির দর্শন করতে চান আমি জিতলে তাদের বিনা খরচায় মন্দির দর্শন এর ব্যবস্থা করব।”
অন্যদিকে বিধানসভার লাউদোহা ব্লকের বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। সকালবেলায় লাউদোহা, বালিজুরি কালীপুরের প্রচার সেরে দুপুরে ঝাঁঝরায় মধ্যাহ্নভোজন করেন। দুপুরে সরপী- তে আদিবাসীদের সংগঠনে গাঁওতা-র সদস্যদের সাথে বৈঠক করেন। বিকেলে প্রতাপপুর মোড়ে দলের নির্বাচনী সভায় যোগদান নরেন বাবু।
পাশাপাশি, হরিপুর এলাকাতে নিজের নির্বাচনী প্রচারে অংশ নেন সিপিআইএম প্রার্থী সুভাষ বাউরী। হরিপুর গ্রাম, ভেলাডাঙ্গা, আদিবাসী পাড়ায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি জনসংযোগ করেন তিনি ।



