দামোদরে জলের স্তর বাড়তেই ডুবে গেল ১৫ টি বালির লরি
আমার কথা, গলসী, ১৯ জুন:
দামোদর নদের জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি বহন করতে আসা লরি। ঘটনা পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গোহগ্ৰাম এলাকার সোন্দা বালি ঘাটে।
জানা গেছে, বুধবার রাতে দামোদর নদ থেকে বালি বোঝাই করতে আসে বহু লরি। যাদের বালি বোঝাই হয়ে যায়, তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় ১৫টি খালি লরি।
কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দু’দিনের টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায়। জল বাড়তে দেখে লরিগুলো পারে উঠতে গেলে ঘটে বিপত্তি,একটি লরির যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায়। তার পিছনে থাকা আরও প্রায় ১৫টি লরিও সেখানে দাঁড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী তথা এক লরির চালক জানান, যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়ি আটকে যায়। বালি ঘাট কর্তৃপক্ষ তখন কোনও তৎপরতা দেখায়নি, যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে। তিনি আরও জানান, শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান,দামোদরে জল ছাড়ার ফলে প্রায় ১৫টি লরি এখনো জলের নিচে ডুবে আছে। তবে এখন পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের কোনও পরিকল্পনা চোখে পড়েনি।



