“ফিরে পাওয়া” অনুষ্ঠানে ফিরিয়ে দেওয়া হল ৪লক্ষ টাকা ও ১৫টি মোবাইল
আমার কথা, দুর্গাপুর, ১০ এপ্রিলঃ
যত দিন যাচ্ছে ততই সাইবার প্রতারনার ফাঁদে পরে আর্থিক ক্ষতির মধ্যে পড়ছে সাধারণ মানুষ। সেই আর্থিক ক্ষতির পরিমান কখনো কম আবার কখনও অত্যধিক। কিন্তু কি করলে এই সাইবার প্রতারকদের পাতা ফাঁদ থেকে বাঁচতে পারে মানুষ বা কি করা উচিত সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(দুর্গাপুর) সুবীর সিনহা। বৃহস্পতিবার নিউটাউনশিপ থানায় ‘ফিরে পাওয়া’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে সাইবার প্রতারনার শিকার হয়ে টাকা হারিয়েছিলেন এরকম ব্যাক্তিদের ৪ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হল পুলিশের পক্ষ থেকে।
নিউটাউনশিপ থানার উদ্যোগে আয়োজিত “ফিরে পাওয়া” শীর্ষক অনুষ্ঠানে এসিপি(দুর্গাপুর) সুবীর সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন সিআই(এ) রণবীর বাগ, থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা।
তবে এই অনুষ্ঠানে শুধুমাত্র টাকা নয়, ১৫টি মোবাইল ফোনও ফিরিয়ে দেওয়া হয় গ্রাহকদের। কারোর ছয় মাস তো আবার কারোর এক বছর আগে মোবাইল ফোন হয় চুরি গেছিল আর নয়ত হারিয়ে গেছিল। তাঁরা থানায় লিখিত জানিয়েছিলেন। এরকম ১৫ জন ব্যাক্তিকে তাঁদের মোবাইল ফোনগুলি এদিন আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়।



