জাল লটারি, জুয়া, লোহা পাচারের অভিযোগে গ্রেপ্তার ৮ জন
আমার কথা, ২ মে
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
সোমবার রাতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করল আট দুষ্কৃতিকে । জুয়ো খেলা, অবৈধ লটারির টিকিট ও লোহা পাচারের সাথে ধৃতরা যুক্ত বলে জানা যায় । সোমবার রাতে সোনপুর বাজারী মোড় এলাকায় একটি দোকানে অবৈধ ঝাড়খন্ড লটারির টিকিট কেনাবেচার খবর পেয়ে সেখানে হানা দেয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । সেখান থেকে জাল লটারি টিকিট সহ জীবন পাল ও অমিত বাউরী নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ । পুলিশের অন্য একটি দল খোট্টাডিহি এরিয়া মোড় এলাকায় হানা দিয়ে গ্রেপ্তার করে শেখ ইবাদত নামে এক দুষ্কৃতিকে । ঘটনাস্থল থেকে পুলিশ বাজেয়াপ্ত করে তিনটি বাইক ও একটি পিকআপ ভ্যান সহ আট থেকে দশ টন চোরাই লোহা । উখরা চার নম্বর পীরতলা এলাকার বাসিন্দা শেখ ইবাদত দাগি দুষ্কৃতী হিসেবে পরিচিত বলে জানা যায় । অন্যদিকে পাণ্ডবেশ্বরের ফুলবাগান দূর্গা মন্দির সংলগ্ন একটি জুয়ার ঠেকে হানা দিয়ে পাঁচ জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের মঙ্গলবার পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে ।



