কাঁকসায় বাড়ি থেকে যুবককে ডেকে নিয়ে খুন
আমার কথা, কাঁকসা, ৫ জানুয়ারীঃ
কাঁকসার বাবনা বেড়া এলাকায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মৃত যুবকের নাম ঝুলন রুইদাস।
২৩ বছর বয়সী ঝুলন রুইদাসের বাড়ি কাঁকসার বাবনাবেড়া এলাকায়।
পরিবারের সদস্যদের অভিযোগ গত মাসের ১৫ তারিখ ঝুলন রুইদাসকে কাঁকসার মানিক আরা এলাকার যুবকেরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাতের বেলায়। ব্যাপক মারধর করা হয় ঝুলনকে। রক্তাক্ত অবস্থায় এলাকার বাসিন্দারা তাকে উদ্ধার করে কাঁকসার রাজবাঁধ সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করে।
অস্ত্রপচারের পর বুধবার মৃত্যু হয় ঝুলনের। পরিবারের অভিযোগ যারা ঝুলনকে মারধর করেছে সবাই তৃণমূলের কর্মী সমর্থক।
যদিও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাঁকসা থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে কাঁকসায়।
সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জনার্ধন চ্যাটার্জির অভিযোগ নৈরাজ্য চলছে বাংলায়। যার নিদর্শন ধরা পড়েছে বাবনা বেড়ার ঘটনায়।
অপরদিকে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মার অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশন আগেই বলেছে এই রাজ্যে আইনের শাসন চলেনা। এই রাজ্যে শাসকের আইন চলে।
যেভাবে গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের হত্যা করেছে তৃণমূল তারই একটা নিদর্শন ধরা পরল বাবনাবেড়া এলাকার ঘটনায়।
যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য। তিনি জানিয়েছেন অযথা তৃণমূলের নাম জড়ানো হচ্ছে। এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। পুলিশ ঘটনার তদন্ত করছে। আইন মোতাবেক কাজ হবে।



