নির্দল প্রার্থীর স্বামীকে আটক পরে মুক্তি
আমার কথা, অন্ডাল, ১০ জুলাই:
ভোটের পর দিন রাতে সন্দেহবশত পুলিশ আটক করল নির্দল প্রার্থীর স্বামীকে। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। রাজনৈতিক কারণেই স্বামীকে আটক করা হয়েছিল বলে অভিযোগ নির্দল প্রার্থীর।।
রবিবার রাতে সন্দেহজনক গতিবিধির কারণে মুকুন্দপুর কোলিয়ারি এলাকা থেকে পুলিশ আটক করেছিল নির্দল প্রার্থী ছায়া হাড়ি-র স্বামী বিনোদ হাঁড়ি-কে। ছায়া দেবী পঞ্চায়েত ভোটে খান্দরা গ্রাম পঞ্চায়েতের ১৪৮ নম্বর বুথের নির্দল প্রার্থী । সূত্র মারফত জানা যায়, রবিবার রাত দু’টো নাগাদ বাড়ির কাছাকাছি ঘোরাঘুরি করছিলেন বিনোদ হাড়ি। সেই সময় টহলদারি পুলিশ গাড়ি দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। নিয়ে যায় বনবহাল ফাঁড়িতে। সোমবার সকালে ছায়া দেবী ও তার আত্মীয় পরিজন অনুগামীরা প্রথমে বনবহাল ফাঁড়ি ও পরে অন্ডাল থানায় এসে বিনোদ হাঁড়িকে ছেড়ে দেওয়ার দাবি জানান। জিজ্ঞাসাবাদের পর বিনোদকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।রাজনৈতিক কারণেই গণনার আগের দিন স্বামীকে আটক করা হয়েছিল বলে অভিযোগ করেন ছায়া দেবী।



