অমিত শাহকে স্বাগত জানালেন কয়লা মাফিয়া, তাঁকেই শিল্পপতি আখ্যা রাজ্য সভাপতির
আমার কথা, দুর্গাপুর, ১১ মেঃ
“জয়দেব খাঁ কয়লা মাফিয়া নয়, একজন শিল্পপতি-”দুর্গাপুরে এসে এরকমই কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। “জয়দেব খাঁ রেলের সাইডিং করছেন আর তাতে চারশ’ লোকের কর্মসংস্থান হবে”, এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি।
আগামী ১৩ মে দুই বর্ধমান জেলার তিনটি কেন্দ্রে তৃতীয় দফার নির্বাচন। সেই মতো আজ সনিবার প্রচারের শেষ দিন। অন্তিম লগ্নে পৌঁছে গতকাল অর্থাৎ শুক্রবার আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার হয়ে প্রচারে এসেছিলেন সেকেন্ড কমান্ড ইন চিফ অমিত শাহ। রানীগঞ্জে তিনি রোড শো করেন এদিন। রানিগঞ্জের সভা সেরে অন্ডাল এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের অভিযোগ, অন্ডাল এয়ারপোর্টে শাহকে যে ১৬ জন বিজেপি নেতা বিদায় জানাতে গিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন জয়দেব খাঁ। রানীগঞ্জ বিধানসভার বক্তানগরের বাসিন্দা এই জয়দেব এক জন কয়লা মাফিয়া বলেও অভিযোগ তুলেছে শাসকদল। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির লেটারহেডে ওই ১৬ জন বিজেপি নেতার নাম-সহ একটি তালিকার চিঠি প্রকাশ্যে এসেছে। তার তলায় সই রয়েছে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের। সেখানে দেখা গিয়েছে ওই তালিকায় পাঁচ নম্বরে নাম রয়েছে জয়দেবের। যদিও সেই চিঠির সত্যতা যাচাই করেনি আমার কথা নিউজ। এদিকে সেই ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়, যদিও সেই ছবির সত্যতাও যাচাই করেনি ‘আমার কথা নিউজ’। এই ছবিকে ঘিরে মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হয় শিল্পাঞ্চল রাজনীতিতে। স্বভাবতইঃ এহেন ঘটনাকে ভোটের দিন কয়েক আগে ঘটায় পদ্মশিবিরকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
যদিও জয়দেব খাঁকে কয়লা মাফিয়া বলে মানতে নারাজ গেরুয়া শিবির। দুর্গাপুরে অন্তিমলগ্নের প্রচারে এসে জয়দেব খাঁ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, জয়দেব খাঁ কয়লা মাফিয়া এটা কি তৃণমূল ঠিক করবে? ২০১৯ সালের আগে যখন উনি তৃণমূলে ছিলেন তখন তাঁর বিরুদ্ধে একটাও কেস ছিল না। যেও উনি ২০১৯ সালে বিজেপিতে যোগ দিলেন ওমনি ওনার বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেল। তৃণমূলে যতদিন থাকছে ততদিন কোনো দোষ হচ্ছে না আর বিজেপিতে এলেই দোষ হয়ে যাচ্ছে?
তিনি আরো বলেন, চোরের মায়ের বড় গলা। যাদের নেতার বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগ রয়েছে, সোনা পাচারের অভিযোগ যে নেতার বউয়ের বিরুদ্ধে, যে নেতার বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ তাঁরা সে লোককে সার্টিফিকেট দিচ্ছে? বলেন, “নাকা চেকিং করে কয়লা পাচার হচ্ছে যাতে মদত দিচ্ছে পুলিশ। রীতিমতো প্যাড করে কয়লা পাচার হচ্ছে যার ভাগ পাচ্ছে পুলিশ। আর সেই টাকা যাচ্ছে ভাইপোর কাছে।”
অপরদিকে, এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, জয়দেব খাঁ একজন কুখ্যাত কয়লা মাফিয়া। তিতেন্দ্র তিওয়ারী আর জয়দেব খাঁ মিলে কয়লা কারবারকে পরিচালনা করেন। শাহর সঙ্গে তার ছবি প্রমাণ করে কয়লা মাফিয়া দের সাথে বিজেপির গভীর আঁতাতের কথাকে। বক্তার নগরে যত ভেস্টেড ল্যান্ড আছে সেখান থেকে কয়লা তুলে পাচার করা ছিল জয়দেব খাঁর কাজ। ইডি, সিবিআই কেন তার বিরুদ্ধে চুপ? মানুষ এবার উত্তর খুঁজবে”



