উখরাতে অনুষ্ঠিত হলো মহিলা তৃণমূল কংগ্রেসের “দীক্ষা” কর্মীসভা
আমার কথা, অন্ডাল, ৩ জানুয়ারীঃ
শুক্রবার বিকেলে উখরার শংকরপুর মোড় সংলগ্ন একটি বেসরকারি অনুষ্ঠান হলে আয়োজিত হলো অন্ডাল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা । “দীক্ষা” নামে এদিনের এই কর্মী সভাতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, সংগঠনের ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকার । এছাড়াও আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল, অঞ্চল সভাপতি শরণ সাইগল, রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা ।
রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মকাণ্ড নিয়ে এদিন মহিলা কর্মীদের অবগত করা হয় । এই প্রকল্পগুলির সম্পর্কে খুঁটিনাটি তথ্য ও সাফল্যের কথা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয় কর্মীদের । অসীমা চক্রবর্তী বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা মহিলাদের সম্মান ও অগ্রাধিকার দিয়ে থাকেন । বিভিন্ন বয়সী মহিলাদের জন্য তিনি একাধিক প্রকল্প রূপায়ণ করেছেন । এইসব প্রকল্পগুলির সুবিধা পৌঁছে গিয়েছে বাংলার প্রতিটি ঘরে ঘরে । দেশের অন্যান্য রাজ্য সরকারও এখন মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত প্রকল্প গুলি রুপায়ন করছে নিজেদের রাজ্যে । তাই প্রকল্পগুলি সম্পর্কে মহিলা কর্মীদের অবগত করা ও সাফল্যের কথা অন্যদের কাছে তুলে ধরতেই এদিনের কর্মীসভা বলে জানান তিনি ।



