দুর্গাপুরে সাইকেলের দোকানে বিধ্বংসী আগুন, আড়ালে অবৈধ কারবার?
আমার কথা, দুর্গাপুর,২৮ মার্চ:
সাত সকালে আচমকা বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোন এলাকা। সাময়িক ভাবে মানুষজন বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়েন এই বিকট শব্দে। পরে জানা যায় বিজোন এর উইলিয়াম কেরি এলাকার একটি সাইকেল দোকানের সিলিন্ডার ব্লাস্ট করে এই শব্দ হয়। এই সিলিন্ডার বিস্ফোরণের ফলে দোকানটিতে আগুন লেগে যায়। আগুন লাগে পাশের একটি গোলদারি দোকানেও।। কুণ্ডলী পাকানো কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায় পাশের একটি স্বাস্থ্য কেন্দ্রও। আতঙ্কে স্বাস্থ্য কেন্দ্র ছাড়েন চিকিৎসক ও রোগীরা। জানা গেছে ঐ দোকানটিতে বেআইনিভাবে গ্যাস রিফিলিং এর কাজ করা হতো।
এই অগ্নিকাণ্ডে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসি টিভি ক্যামেরাও পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।



