BREAKING! লরি আতঙ্ক, একাধিক জনকে জখম করে রেলগেট ভেঙ্গে পালালো বেপরোয়া লরি
আমার কথা, উখড়া, ৩ মার্চঃ
বাইক আরোহীকে চাপা দিয়ে, একাধিক গাড়িতে ধাক্কা মেরে রেল গেট ভেঙে পালালো বেপরোয়া একটি লরি। অবশেষে লরিটি ধরা পড়ে পাণ্ডবেশ্বরে। আহত হয় তিন থেকে চারজন।
বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় বেপরোয়া একটি লরির তাণ্ডবে আতঙ্ক ছড়ালো অন্ডালের উখরা থেকে পাণ্ডবেশ্বর পর্যন্ত। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দুর্গাপুর ফরিদপুর থানার লাউদোহার দিক থেকে উখরার দিকে আসছিল ১৬ চাকার একটি লরি। উখরা বাজপায়ী মোড়ে লরিটি একটি বাইকের ধাক্কা মারে। বাইকটিতে ছিল দুজন আরোহী। এরপর লরিটি গতি বাড়িয়ে দ্রুত গতিতে ছুটতে থাকে। ট্রেন চলাচলের জন্য শংকরপুর রেল ফটকে তখন গেট বন্ধ ছিল। লরিটি রেলগেট ভেঙ্গে দ্রুতগতিতে পাণ্ডবেশ্বর এর দিকে ছুটতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান বাজপাই মোড় থেকে শংকরপুর মোড় পর্যন্ত বেশ কয়েকটি বাইক টোটো এবং চার চাকার গাড়িতে লরিটি ধাক্কা মারে। ক্ষতি হয় একাধিক গাড়ির। পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। রেলগেট ভেঙ্গে পালানোর সময় লরিটিকে ধাওয়া করে অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশের একটি মোবাইল ভ্যান। বনবহাল ফাঁড়ি ও পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশ ও লরিটির পিছু নেয়। বনবহাল ফাঁড়ি সূত্রে জানা গেছে বেপরোয়া লরিটি গাইঘাটা মোড়ে রামনবমী উৎসবের জন্য তৈরি হওয়া মণ্ডপে, একজন বাইক আরোহী ও পুলিশ মোবাইল ভ্যানে ধাক্কা মারে। অবশেষে লরিটি ধরা পড়ে পাণ্ডবেশ্বরের অজয় নদীর কাছে পুলিশ নাকাতে। লরি সহ ড্রাইভার কে আটক করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পাণ্ডবেশ্বরেও ঘাতক লরিতির ধাক্কায় একজন আহত হন বলে জানা যাযর।



