রাম নবমীর শোভাযাত্রা নিয়ে বৈঠক
আমার কথা, লাউদোহা, ৪ মার্চ:
শান্তিপূর্ণভাবে রামনবমীর শোভাযাত্রা সম্পূর্ণ করার উদ্দেশ্যে দুর্গাপুর ফরিদপুর থানার উদ্যোগে আয়োজিত হলো বৈঠক। শুক্রবার বৈঠকটি হয় বিডিও অফিস সংলগ্ন “সৃষ্টি” কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অন্ডাল) পিন্টু সাহা, থানার আধিকারিক বিজয় দলপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ বিভিন্ন আখড়ার প্রতিনিধিরা। থানা সূত্রে জানা যায় দুর্গাপুর ফরিদপুর থানা এলাকায় এবার মোট চারটি আখড়ার শোভাযাত্রা হবে। ঝাঁঝরা, সরপিতে একটি করে ও ইচ্ছাপুরে দুটি আখড়াকে শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দিষ্ট করে দেওয়া রুটে, নিয়ম মেনে শোভাযাত্রা করার পরামর্শ দেয়া হয় বৈঠকে উপস্থিত বিভিন্ন আখড়ার প্রতিনিধিদের।



