চাকরিতে নিয়োগের দাবিতে খনির উৎপাদন বন্ধ করে আন্দোলন জমিদাতাদের
আমার কথা, পান্ডবেশ্বর, ১৬ মার্চঃ
চাকরিতে নিয়োগের দাবিতে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখালো জমিদাতারা। মঙ্গলবার ইসিএলের বাঁকোলা এরিয়ার তিলাবনী সিএম প্রকল্পের ঘটনা। পরে আধিকারিকদের আশ্বাসে আন্দোলন স্থগিত রাখে জমিদাতারা।
বেশ কয়েক বছর আগে বাঁকোলা এরিয়ার তিলাবনি সিএম খনি প্রকল্পের জন্য সংশ্লিষ্ট এলাকার আটটি মৌজার জমি অধিগ্রহণ করে কর্তৃপক্ষ। প্রতি দু একর জমির বিনিময়ে একজন জমিদাতার চাকরি হওয়ার কথা। এই প্রকল্পে ৫৭৮ জন জমিদাতার চাকরিতে নিয়োগ হওয়ার কথা হিসাব অনুযায়ী। কিন্তু এখনো একজনকেও চাকরিতে নিয়োগ করা হয়নি বলে অভিযোগ জমিদাতাদের। বেশ কয়েক মাস আগে তিলাবনি সিএম প্রকল্পে উৎপাদনের কাজ শুরু হয়েছে। কিন্তু চাকরিতে জমিদাতাদের নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। দ্রুত নিয়োগের দাবিতে মঙ্গলবার সকাল থেকে সংশ্লিষ্ট প্রকল্পের উৎপাদন ও পরিবহনের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয় জমিদাতারা। শুভেন্দু পান্ডে, ফাল্গুনী ব্যানার্জি বুম্বা ব্যানার্জীরা বলেন আড়াই বছর ধরে চাকরি পাওয়ার অপেক্ষায় রয়েছি। বেশ কয়েকবার আন্দোলনও হয়েছে। প্রতিবারই কর্তৃপক্ষ দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। সেই কারণেই এদিনের বিক্ষোভ বলে জানান তারা।
প্রায় ১২-টা নাগাদ আন্দোলনকারী জমিদাতাদের সাথে আলোচনায় বসেন সংশ্লিষ্ট কোলিয়ারির এজেন্ট অনিল কুমার পান্ডে, ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিক মধুরিমা মন্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। বেলা একটা নাগাদ আলোচনার পরে আন্দোলন প্রত্যাহার করে নেয় জমিদাতারা। কোলিয়ারির এজেন্ট অনিল কুমার পান্ডে বলেন বেশ কয়েকটি ধাপ পেরিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এজন্য কিছু সময় লাগে। আগামী শুক্রবারের মধ্যে সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দেন তিনি। আলোচনা শেষে জমিদাতারা বলেন আলোচনা ফলপ্রসু হয়েছে, আধিকারীক শুক্রবারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন । সেই কারণে আজ আন্দোলন স্থগিত রাখলাম। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনের পথ খোলা রইল বলে জানান তারা।



