জীবিতকে মৃত দেখিয়ে নথি জাল করে জমি বিক্রি, গ্রেফতার ২
আমার কথা, অন্ডাল, ১৭ এপ্রিলঃ
জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জাল নথি বানিয়ে অন্যের জমি বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হলো দু’জন। অন্ডাল থানার কাজোড়া এলাকার ঘটনা। ধৃতদের বৃহস্পতিবার পেশ করা হয় আদালতে।
বাম আমলের শেষের দিকে অন্ডালে বিমান নগরী গড়ে ওঠার পর খনি এলাকায় এক ধাক্কায় বেড়ে যাই জমির চাহিদা সেই সাথে বাড়ে জমির দামও। জমি কেনা বেচার সূত্রে গড়ে ওঠে দালাল চক্র। বর্তমানে এই দালালচক্রের অত্যাচারে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। জোর করে জমি দখল সহ ভুয়ো নথি বানিয়ে প্রকৃত মালিকের অজান্তেই সেই জমি অন্যকে বিক্রি করে দেওয়ার ভুরি ভুরি অভিযোগ উঠছে দালালদের বিরুদ্ধে। এরকমই একটি অভিযোগে বুধবার দুজন জমি প্রতারককে গ্রেপ্তার করেছে অন্ডাল থানার পুলিশ। ধৃতদের নাম চন্দন হাজরা ও শুভময় চক্রবর্তী। দুজনেই কাজোরা গ্রামের বাসিন্দা। একজন জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়ো নথি বানিয়ে সেই জমি অন্যজনকে বিক্রি করে দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা গেছে কাজোরা গ্রামের বাসিন্দা শান্তনু হাজরার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। শান্তনু বাবু কাজোরা গ্রামের বাসিন্দা হলেও একসময় কর্মসূত্রে তিনি বিদেশে থাকতেন। বর্তমানে পরিবার নিয়ে থাকেন কোলকাতাতে। কাজোরা এলাকায় শান্তনু বাবুর বেশ কিছু পৈত্রিক জমি রয়েছে। সম্প্রতি তিনি জানতে পারেন অন্ডাল থানার বিপরীতে গোকুলধাম এলাকায় তার জমি কেউ বা কারা ভুয়ো নথি বানিয়ে বিক্রি করে দিয়েছে। নথিতে শান্তনু বাবুকে মৃত ও অন্য এক ব্যক্তিকে সেই জমির উত্তরাধিকারী দেখিয়ে জাল নথি তৈরি করা হয় । সেই নথি দেখিয়ে জমিটি বিক্রি করা হয়েছে । বিষয়টি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ চন্দন হাজরা ও শুভময় চক্রবর্তীকে বুধবার গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
তবে এবারই প্রথম নই এর আগেও অন্ডাল এলাকায় ভুয়া নথি বানিয়ে অন্যের জমি বিক্রি করার ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই কাজোরা গ্রামের এক মৃত ব্যক্তির নামে জাল আধার কার্ড সহ অন্য নথি পেশ করে সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগে দক্ষিণখন্ড গ্রামের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃত ব্যক্তি পরে জামিন পেলেও বর্তমানে সেই মামলাটি বিচারাধীন রয়েছে, এমন অবস্থায় আরও একটি জমি জালিয়াতির ঘটনা সামনে আসাই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকার জমি মালিকদের মধ্যে।



