বেসরকারী হাসপাতালে যুবকের মৃত্যু, বিনা চিকিৎসায় মেরে ফেলার অভিযোগ পরিবারের
আমার কথা, দুর্গাপুর, ২৮ এপ্রিল:
ফের খবরের শিরোনামে দুর্গাপুরের শোভাপুরের বেসরকারী হাসপাতালের নাম। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনরা।
কাঁকসার গাংবিল গ্রামের বাসিন্দা নিরঞ্জন দেওয়াসী(৩২) অঙ্গদপুরে একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। কর্মরত অবস্থায় বুকে ব্যাথা অনুভব করায় তাঁকে ইএসআই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে রবিবার রাতে নিরঞ্জনকে শোভাপুরের বেসরকারী ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোমবার সকালে নিরঞ্জনের মৃত্যু হয়। নিরঞ্জনের পরিবারের অভিযোগ, রাতে রোগীকে ভর্তি করার পর তার কোনো চিকিৎসা করা হয়নি। কার্যত: বিনা চিকিৎসায় মৃত্যু হয় নিরঞ্জনের বলে অভিযোগ তাঁর পরিবারের। এরপরেই তাঁরা হাসপাতালের মূল গেটের সামনে বসে পড়ে সুবিচারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসাও বাধে তাদের। পরে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়।



